ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যমকর্মী আটক

- প্রকাশের সময় : ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 200

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় প্রেস অ্যাসোসিয়েশন।
সোমবার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে আয়োজিত মিছিল, নতুন আইনসভার শপথ গ্রহণসহ বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় এসব সাংবাদিককে আটক করা হয়।
প্রেস অ্যাসোসিয়েশন জানায়, আটক হওয়া ১৪ জন গণমাধ্যম কর্মীকে পরে মুক্তি দেওয়া হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন বিদেশি সাংবাদিকও ছিলেন। সংস্থাটির তথ্যমতে, ১১ জন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করেন এবং একজন জাতীয় গণমাধ্যমের সাংবাদিক ছিলেন।
রয়টার্স স্বাধীনভাবে এই আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে ভেনেজুয়েলার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রাতভর অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরপরই একসঙ্গে এতগুলো সাংবাদিক আটক হওয়ার ঘটনা ঘটল। এদিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর সোমবার নিউইয়র্কের একটি আদালতে তোলা হয়। ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। একইভাবে তার স্ত্রীও সব অভিযোগ অস্বীকার করেন।
মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালত তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত তাদের কেউই জামিনের আবেদন করেননি।























