চেয়ারপারসনের মৃত্যু : স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- প্রকাশের সময় : ১১:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 189
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জরুরি ভিত্তিতে বৈঠকটি ডাকা হয়েছে বলে তিনি জানান।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, খালেদা জিয়া ছিলেন একজন ‘আপসহীন নেতা’। তার মৃত্যু কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে একটি যুগের অবসান। দেশের রাজনীতি হারিয়েছে এক প্রভাবশালী ও শক্তিশালী কণ্ঠস্বর।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


























