রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

- প্রকাশের সময় : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 192

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্বৃত্তদের তুলে নেওয়া রেললাইনের পাতের কারণে যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। রাতের আঁধারে প্রায় ১৫ ফুট রেললাইনের পাত খুলে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।





















