গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান
- প্রকাশের সময় : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 327
দেশে নেমে বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর থেকে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কজুড়ে বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটিতে পা স্পর্শ করে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে। এরপর ‘বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে তিনি গণসংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন ও উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং বৃহস্পতিবার সিলেট হয়ে ঢাকায় পৌঁছায়।


























