সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
- প্রকাশের সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 159
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়েছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২২ মিনিটে তার গাড়ি বহর কাওলা বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে মঞ্চের দিকে আগাচ্ছে।
এর আগে নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে দেশে অবতরণ করেছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকায় ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সেখানে সমাগম করেছেন।
মঞ্চটি ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল আকৃতিতে নির্মিত হয়েছে এবং গত রোববার থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়েছে। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন এবং সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওইদিন এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে।” সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


























