আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- প্রকাশের সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 82
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক মো. বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু ডাকযোগে চিঠি পাঠিয়েছেন।
আবেদনে বলা হয়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডে দেশের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সদস্য শহীদ হন। সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বর্তমান পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলমের নাম আসায় দেশের ন্যায়বিচার, জনআস্থা ও বিচার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার নাম এমন একটি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখ হওয়ায় ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। পদে বহাল থাকা ব্যক্তি অপরাধ বিচারের স্বচ্ছতা ও জনবিশ্বাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।





















