ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ বলল পাকিস্তানের সেনাবাহিনী

- প্রকাশের সময় : ১১:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 101

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, কারাগারে বন্দি অবস্থায়ও ইমরান খান বাইরের মানুষের মাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য ছড়াচ্ছেন, যা দেশজুড়ে উত্তেজনা তৈরি করছে। মুখপাত্রের দাবি, ইমরান আত্মকেন্দ্রিক স্বভাবের এবং মনে করেন তিনি ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের কোনো কাঠামোই টিকে থাকতে পারবে না।
এ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যারা ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান, তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত তৈরিতে ব্যবহার করা হচ্ছে। দুইদিন আগে ইমরানের বোন উজমা খান কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং পরে জানান, সেনাপ্রধান অসীম মুনিরের আচরণ ও নীতি নিয়ে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ।
অন্যদিকে ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি সেনাবাহিনীর ব্রিফিংকে তীব্র সমালোচনা করে বলেন, পিটিআইকে উত্তেজিত করা এবং দলটির কর্মীদের ওপর চলমান ধরপাকড়কে বৈধতা দেওয়ার উদ্দেশ্যেই এই মন্তব্য করা হয়েছে।
৩ ডিসেম্বর ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে সেনাপ্রধান অসীম মুনিরের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠেছে এবং তার পদক্ষেপে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইমরান দাবি করেন, আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এবং পশ্চিমা শক্তিদের খুশি করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইমরান আরও অভিযোগ করেন, অসীম মুনির মানসিক ভারসাম্যহীন এবং তার নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারেনি। পিটিআইয়ের পক্ষ থেকে এ নিয়ে প্রতিবাদ উঠলে কিছুটা শিথিলতা এনে তার বোনকে দেখা করার সুযোগ দেওয়া হয়।
























