শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 172
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে, তবে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করছে বলে জানা গেছে। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই, তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন।
আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে তিনি বলেন, তারা রাষ্ট্রীয় পক্ষ নয়, তাই সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবুও বাংলাদেশের স্বার্থে বিষয়টি দেখা হচ্ছে এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রকল্পটি নীলফামারীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। রংপুর অঞ্চলসহ ভারত ও ভুটানের মানুষের জন্যও এ হাসপাতালের সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, রংপুর অঞ্চলে কর্মসংস্থান সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে দিয়ে যেতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন। ভবিষ্যতের সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।






















