কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা
- প্রকাশের সময় : ০৮:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 79
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি সাময়িক স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থে এবং তাদের শিক্ষাকার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই উপলব্ধি থেকে শিক্ষকরা পুনরায় পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে সম্মত হয়েছেন।
এর ফলে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় বার্ষিক পরীক্ষার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক চাপে ছিলেন। দায়িত্ববোধ থেকেই শিক্ষাকার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দাবি-দাওয়া নিষ্পত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া শিক্ষক সমাজকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি বিষয়ে আলোচনা করে পরবর্তী ঘোষণা দেওয়ার কথাও জানানো হয়।
জানা গেছে, দেশের সরকারি মাধ্যমিকের সাত শতাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন। এতে দুই দিন (সোম ও মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।
মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবি
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।
৪. ২০১৫ সালের আগের মতো দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন-সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।






















