ইমরান খান ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের হুমকি বিরোধীদের

- প্রকাশের সময় : ১২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 96

ইমরান খান ইস্যুতে বিরোধী জোট দেশজুড়ে আন্দোলনের হুমকি দিয়েছে। তাদের দাবি, কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার বোন ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।
পার্লামেন্ট ভবনের বাইরে এক যৌথ সংবাদ সম্মেলনে পিকেএমএপি সভাপতি মাহমুদ আচ্ছাকজাই অভিযোগ করেন, সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাকর্মীরা রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তারা আন্দোলন স্থগিত রেখে সরকারকে সময় দিয়েছিল।
আচ্ছাকজাই প্রশ্ন তোলেন, ইমরান খানকে কেন দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে এবং কেন তাকে তার বোন ও দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি জানান, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে অবস্থান করছেন, কিন্তু তার আবেদনও আমলে নেওয়া হয়নি।
পিটিআই নেতা আসাদ কায়সার অভিযোগ করেন, সাম্প্রতিক উপনির্বাচনে জনগণের রায়কে অগ্রাহ্য করা হয়েছে। হারিপুরের উপনির্বাচনে ফর্ম-৪৭-এর ফলাফল পরিবর্তন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পিটিআই নেতা গোহর আলি খান জানান, বিরোধী দল হিসেবে তারা সংসদে থাকতে চান, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তার মতে, ইমরান খান বর্তমান অবস্থায় বিরোধীদের সংসদে থাকার অনুমতি দেবেন না।
সূত্র: ডন
























