ইউক্রেনের ভূখণ্ড দখলে রাখার দাবিতে অনড় পুতিন

- প্রকাশের সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 73

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার দাবি করা ভূখণ্ড থেকে সরে না গেলে মস্কো যুদ্ধ বন্ধ করবে না। তিনি জানিয়েছেন, যুদ্ধের অবসান চাইলে কিয়েভকে এসব এলাকায় থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
রাশিয়া বহুদিন ধরে দাবি করছে, তারা যে সব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে—তার আইনি স্বীকৃতি কিয়েভ দিতে হবে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্বাঞ্চলের দনবাস অঞ্চল, যার বেশিরভাগ এখন রুশ নিয়ন্ত্রণে।
কিয়েভ জানিয়েছে যে তারা দনবাসের নিজেদের নিয়ন্ত্রিত অংশ ছেড়ে দেবে না। ইউক্রেনের মতে, আগ্রাসনের বিনিময়ে রাশিয়াকে কোনো ভূখণ্ডে স্বীকৃতি দেওয়া গ্রহণযোগ্য নয়।
পুতিন কিরগিজস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিযোগ করেন, কিয়েভ শেষ ইউক্রেনীয় সৈন্য পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় এবং রাশিয়াও এমন লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি আবারও দাবি করেন যে যুদ্ধ শেষ হবে তখনই, যখন ইউক্রেন দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে।
পুতিন সতর্ক করে বলেন, যদি তারা না সরে, তাহলে রাশিয়া শক্তি প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করবে। যদিও দনবাসে রাশিয়ার ধীরগতির অগ্রগতি মানবসম্পদে বড় ধরনের ক্ষতির বিনিময়ে হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’-এর মূল্যায়ন অনুযায়ী, বর্তমান গতিতে দোনেৎস্কের বাকি অংশ দখল করতে রাশিয়ার আরও প্রায় দুই বছর লাগতে পারে।
সূত্র: রয়টার্স
























