ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

- প্রকাশের সময় : ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 132

ইউক্রেনের সঙ্গে একটি বড় সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ফ্রান্স। চুক্তির আওতায় আগামী ১০ বছরে কিয়েভকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদ ও ড্রোন সরবরাহ করবে প্যারিস। সোমবার ভিল্লাকুব্লে সামরিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই বিষয়ে সমঝোতা করেন।
চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি জানান, ইউক্রেন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেমটির রেঞ্জ ২০০ কিলোমিটার, যা রকেট, বোমা ও ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ধ্বংস করতে সক্ষম। সাম্প্রতিক সময়ে রাশিয়ার তীব্র গ্লাইড-বোমা হামলা মোকাবিলায় এমন সিস্টেমের প্রয়োজনীয়তা ছিল বলে উল্লেখ করেন ইউক্রেনীয় বিশ্লেষকেরা।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, রাফায়েল যুদ্ধবিমানসহ এই সমগ্র সহযোগিতা ইউক্রেনের সেনাবাহিনীকে আরও সক্ষম ও সংগঠিত করবে। তিনি একে শুধুই ক্রয়-বিক্রয়ের চুক্তি নয়, বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মসূচিতে রাশিয়ার ফ্রিজ করা অর্থ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
রাফায়েল বিশ্বের অন্যতম আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। একাধিক ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে পারে এটি। ফরাসি সহায়তা ইউক্রেনের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
























