ভারত ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

- প্রকাশের সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 105

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মার্কিন দূতাবাস দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক্সে জানিয়েছে, “নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
এছাড়া মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ বলেছে, বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়, তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। প্রয়োজনে মার্কিন দূতাবাস কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মিরের কিছু অঞ্চল যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মণিপুর রাজ্যের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সেখানে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। আহতদের শরীরে গুলির চিহ্ন না পাওয়া বিস্ফোরণের ধরনকে আরও জটিল করেছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।
























