বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলো ভারত

- প্রকাশের সময় : ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 95

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।
সোমবার (১০ নভেম্বর) রাতে বিস্ফোরণে নয়জন নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার পরই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও অন্যান্য সেনা চৌকিতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টহল, চেকপোস্ট ও নজরদারি টিমের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে, কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে দগ্ধ মরদেহ। দিল্লির উপ-প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিস্ফোরণের পর লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। প্রতিদিন পর্যটকে ভরপুর এই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
একই দিন দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এসব ঘটনা ঘটছে বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে।
দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ জানায়নি। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সরকারের আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। তারা গাড়ির ধ্বংসাবশেষ ও আশপাশ থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খুঁজছে।
























