যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের

- প্রকাশের সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 79

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরেক ব্যক্তি নিহত হন। এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় নিচু দিয়ে উড্ডয়ন ও টহল দিচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।
























