দুই দিনের সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি
- প্রকাশের সময় : ১২:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 85
পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী পাবনায় পৌঁছানোর পর রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত ও নিজ বাসভবনে অবস্থান করেন। বিকেলে তিনি নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
রোববার সকালে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
আওয়ামী লীগ সরকার পতনের পর এটি তার প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি এর আগে চারবার পাবনা সফর করেছেন।






















