নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর
- প্রকাশের সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 80
দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জিওসি, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে, সেটির ওপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমেও নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয়কে গুরুত্ব দিয়ে ফোকাস করা হচ্ছে।
তিনি আরও বলেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছে। এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা আশা করছি, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে।






















