‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ
- প্রকাশের সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 94
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বেড়েছে এর বাতাসের গতিবেগও। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে (১৪.৬° উত্তর অক্ষাংশ ও ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে।
আজ (২৮ অক্টোবর) সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১২৫০ কিমি, মোংলা থেকে ১১৪০ কিমি এবং পায়রা বন্দর থেকে ১১৫৫ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।






















