পরশু নয়, কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি
- প্রকাশের সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 82
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন ঘোষণায় জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন। তখন তারা জানিয়েছিলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করবেন।
তবে প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কর্মসূচি একদিন এগিয়ে আনেন শিক্ষকরা। ফলে পরশু নয়, সোমবার থেকেই সারাদেশে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
এ সময় শিক্ষক নেতারা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আর দেরি করা যাবে না। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।






















