দেশে ফিরলেন শহিদুল আলম
- প্রকাশের সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 89
ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “গাজার মানুষ এখনো আক্রান্ত। তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত এটি বন্ধ না হয়, আমাদের কাজ শেষ নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে ও ভালোবাসা পাঠিয়েছে—তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরা।
এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।






















