ইসরায়েলের বাধার পরও গাজার দিকে এগোচ্ছে একমাত্র নৌযান ‘ম্যারিনেট’

- প্রকাশের সময় : ১২:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 131

গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সাহায্য বহনকারী বহর (ফ্লোটিলা) প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ডজনখানেক নৌযান থেকে শত শত কর্মীকে আটক করা হলেও ‘ম্যারিনেট’ নামের একটি পোল্যান্ড পতাকাবাহী নৌকা এখনো গাজার পথে অগ্রসর হচ্ছে।
বৃহস্পতিবার গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন জানান, ইঞ্জিন সমস্যার কারণে নৌকাটি মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। বর্তমানে সেটি গাজার দিকে এগোচ্ছে। তার সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি এবং একজন ওমানি নারী রয়েছেন।
লাইভ ভিডিওতে দেখা গেছে, শুক্রবার ভোরে আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে নৌকাটি। জিও ট্র্যাকার অনুযায়ী, বর্তমানে এটি গাজার উপকূল থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (৮০ কিমি) দূরে অবস্থান করছে।
ইসরায়েল আগেই সতর্ক করেছিল, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ‘ম্যারিনেটকেও’ বাধা দেওয়া হবে।
ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী প্রায় ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি আটক করেছে এবং প্রায় ৫০০ কর্মীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।
ইসরায়েল জানিয়েছে, আটককৃতদের দেশে ফেরত পাঠানো হবে।
সূত্র: আল-জাজিরা

























