শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস
- প্রকাশের সময় : ১০:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 93
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারত সবসময়ই শেখ হাসিনাকে সমর্থন করে এসেছে। তারা আশা করছেন যে তিনি একদিন পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন, একজন বিজয়ী নেতা হিসেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও’র সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক নিয়ে উদ্বেগের বিষয়ে ড. ইউনূস জানান, বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে এবং আমরা সব সময় এ নিয়ে উদ্বিগ্ন থাকি।
প্রধান উপদেষ্টা মোদির সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি মোদির সঙ্গে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, যদি হাসিনাকে ভারতে রাখা হয়, সে বাংলাদেশের মানুষ বা সরকারের বিষয়ে যেন মন্তব্য না করে। মোদি আমাকে বলেছিলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারছেন না।”
ড. ইউনূসের সাক্ষাৎকারে জুলাই গণ–অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব, শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে এসেছে।





















