রাজবাড়ীতে তথ্য অধিকার দিবস পালিত
জেলার ওয়েব পোর্টালে হালনাগাদ রয়েছে ১৯টি সরকারি দপ্তরের তথ্য
- প্রকাশের সময় : ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 150
রাজবাড়ী জেলার ওয়েব পোর্টালে ৬৭টি সরকারি দপ্তরের মধ্যে মাত্র ১৯টি দপ্তরের তথ্য হালনাগাদ পাওয়া গেছে। রোববার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা শেষে স্বীকৃতিস্বরূপ ১৯টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি সাবেক অধ্যক্ষ মো. নুরজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, টিআইবি রাজবাড়ীর এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তথ্য জানার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে পরিবেশ সুরক্ষায় তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল যুগে পরিবেশ বিষয়ক তথ্য সহজলভ্য হওয়ায় সচেতনতা বৃদ্ধি পায় এবং নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলে। জনগণ যদি তথ্য জানার অধিকার যথাযথভাবে প্রয়োগ করে, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
এর আগে ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ ¯েøাগানকে সামনে রেখে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
























