রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় পিকআপ চালক-সহকারী নিহত
- প্রকাশের সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 101
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা সবজিবোঝাই পিকআপ ভ্যানের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ।
নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। পুলিশ জানায়, ঢাকামুখী সবজিবোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী চালবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ চালক নাজমুল ও সহকারী কাওসার।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়, যেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




















