রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও
- প্রকাশের সময় : ১১:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 92
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এসময় তারা, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’, ‘কোটা না মেধা মেধা, মেধা মেধা’, ২৪ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার ইত্যাদি স্লোগান দেন।
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজেদ শিশির অভি বলেন,শিক্ষার্থীদের সাথে প্রশাসন একপ্রকার প্রহসনমূলক আচরণ করলো। যেখানে রাকসুর মতো একটি নির্বাচন আমাদের দোরগোড়ায়, তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্যকোটা পুনর্বহাল করে শিক্ষা র্থীদের মাঝে একটি জনরোষের সৃষ্টি করেছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপর দায়বদ্ধ আচরণ করে না এবং তারা আদৌ রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এটা চায় কিনা সে বিষয়ে শংকা প্রকাশ করছি।
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন,পোষ্য কোটার মতো মীমাংসিত ইস্যু ফিরিয়ে এনে রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে স্পষ্টভাবে বলছি—পোষ্য কোটা নিপাত যাক, এখন কোনোভাবেই এটা ফিরিয়ে আনা উচিত নয়। আমাদের প্রচারণার জন্য মাত্র ১০ দিন দেওয়া হয়েছে, এর মধ্যে আবার এই ইস্যু তোলা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা। আমরা মনে করি এটি রাকসু বানচালের পরিকল্পনা, যা কখনোই সফল হবে না। আন্দোলন কতদিন চলবে তা নির্ভর করবে প্রশাসনের সিদ্ধান্তের ওপর। তাই প্রশাসনের উচিত দ্রুত আমাদের সাথে আলোচনায় বসা।
শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নুর উদ্দীন আবির বলেন,মীমাংসিত পোষ্যকোটাকে সামনে এনে রাকসু বানচালের পায়তারা করলে আপনাদের অবস্থা কিন্তু হাসিনার চেয়ে খারাপ হবে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়।





















