ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ চিহ্নিত করলেন ট্রাম্প

- প্রকাশের সময় : ০৯:৫১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 255
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ দেশ হিসেবে চিহ্নিত করেছেন। ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এ এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় রয়েছে— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলোম্বিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক উপাদান বিবেচনায় এসব দেশ মাদক উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে তালিকাভুক্ত হওয়া মানে এই নয় যে দেশগুলো মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করছে না।
ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলোম্বিয়া ও ভেনেজুয়েলাকে মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ দেশ হিসেবে উল্লেখ করেছে। চীনকে তিনি বিশ্বের সবচেয়ে বড় প্রিকার্সার কেমিক্যাল সরবরাহকারী হিসেবে অভিযুক্ত করেন, যা ফেন্টানাইলসহ বিভিন্ন সিনথেটিক মাদক উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইলসহ মাদক পাচারের কারণে জাতীয় জরুরি অবস্থা তৈরি হয়েছে এবং ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মাদক।
সূত্র: দ্য হিন্দু



















