অধিকার আদায়ে অনশনে জবি শিক্ষার্থীরা
- প্রকাশের সময় : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 100
তিন দফা দাবিতে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
দাবিসমূহের মধ্যে রয়েছে, সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদানের মাধ্যমে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত, কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন তারা।
এর আগে, গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ে অনশন কর্মসূচি শুরু করা হবে বলে জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
অনশনে অংশ নেওয়া জবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি।
অনশন কর্মসূচির বিষয়ে জবি ছাত্রঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, আমরা এতদিন অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি করেছি, তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ্য হয়েছি। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।
তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের তিন দফা দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত নিয়ে অনশন চলবে। এর ফলে যদি আমাদের কারো মৃত্যু হয়, এর সম্পূর্ণ দায়ভার অথর্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
























