কুমিল্লায় কুবি শিক্ষার্থী ও তার মাকে শ্বাসরোধে হত্যা

- প্রকাশের সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 111

কুমিল্লায় এক মর্মান্তিক ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মা খুন হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের নিজ বাসায় শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার (লোক প্রশাসন বিভাগ, ১৬তম আবর্তন)। নিহত অপরজন তার মা তাহমিন বেগম।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে হত্যার খবর দেন এক ব্যক্তি। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লাশ বর্তমানে মর্গে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কোন্দল থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।























