পাংশায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত
- প্রকাশের সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 262
রাজবাড়ীর পাংশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো: শওকত আলী (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। আহত শওকত আলী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রবিবার দুপুরে আহত মো: শওকত আলীর ছেলে মো: আসমত আলী শেখ দুইজনকে অভিযুক্ত করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা আসমত আলী শেখের বসত বাড়ি এসে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং বাদীর পিতার মাথায় লাটি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী মো: আসমত আলী শেখ বলেন, তার বাবার সাথে ইমান আলী সরদারের জমি নিয়ে বিরোধ চলছে। ইমান আলী সরদার দীর্ঘদিন আগে ২১ শতাংশ জমির মধ্যে ১৩ শতাংশ শহীদ প্রামাণিক ও ৮ শতাংশ আমিন সরকারের (ছেলে) কাছে বিক্রি করে দেয়। আমিন সরদারের কাছ থেকে মমিন মন্ডল ওই ৮ শতাংশ আবার কিনে নেন। মমিন মন্ডলের কাছ থেকে অভিযুক্ত আতর আলী আবার ওই ৮ শতাংশ কিনে ভোগদখল করে। আমার সাথে অভিযুক্ত আতর আলীর সাথে এই জমি কেন্দ্রিক ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ সালাউদ্দিন বলেন, লিখত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

























