গোয়ালন্দে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- প্রকাশের সময় : ০৩:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 222
রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী। রবিবার নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ, মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রাম। ওই গ্রামের বাসিন্দা ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী লিপি আক্তার (২৫)। স্বামী বিদেশে থাকায় নির্মাণাধীন নিজ বাড়ির একতলা ভবনে একাই থাকতেন ওই গৃহবধূ। আজ রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাওনা টাকা চাইতে ওই বাড়িতে যান প্রতিবেশী আখের আলী। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও লিপি আক্তারের কোন সাড়া পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলা দেখে ভেতরে তাকিয়ে তিনি (আখের আলী) দেখতে পান খাটের উপরে গৃহবধূ লিপির নিথরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশিদের ডাকেন তিনি। স্থানীয়রা এসে থানাপুলিশে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের ভিতর থেকে গৃহবধূ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে প্রবাসী সবুজ সরদারের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানিয়েছেন, তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে দৌলতদিয়ায় থাকেন। সবুজ সরদার তার বিবাহিত দুই স্ত্রীরই ভরণপোষণ করতেন। মৃত্যুর আগের দিন লিপি একজনের ধার শোধের জন্য ব্যাংক থেকে এক লাখ টাকা তোলেন। এছাড়া লিপির ঘরে স্বর্ণালংকারসহ দামি তিনটি মোবাইল ফোন ছিল। যা এখন পাওয়া যাচ্ছে না। তবে দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল বলে দাবি করেন শিরিন আক্তার। এদিকে প্রবাসী সবুজ সরদারের মা আকিরুন নেছা বলেন, ‘বিয়ের পর ছোট বউ লিপিকে আলাদা নতুন বাড়ি করে দিয়েছিলো আমার ছেলে। বড় বউ আমার সঙ্গে থাকে। ছোট বৌমার মৃত্যুর খবর পেয়ে আমরা ছুটে এসেছি।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘গৃহবধূ লিপি আক্তারের মরদেহ উদ্দার করেছে পুলিশ। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তাঁর শয়নকক্ষে দুটি চায়ের কাপ পাওয়া গেছে। একটি কাপের চা পান করা হয়েছে, অপরটি অক্ষত অবস্থায় আছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওসি জানান।


























