সংস্কারের ৯৯ শতাংশই বিএনপি আগে উপস্থাপন করেছে: তারেক রহমান
- প্রকাশের সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 204
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তার প্রায় ৯৯ শতাংশ প্রস্তাব বিএনপি আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল।
শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।
রাজধানীর উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “আমরা ৩১ দফা দিয়েছি। আজকের রিফর্ম নিয়ে যে আলোচনা হচ্ছে, বর্তমান সরকারের গঠিত রিফর্ম কমিটির কেন্দ্রে থাকা প্রস্তাবনার ৯৯ শতাংশই বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল।”
তিনি আরও বলেন, “ড্যাবের এই কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই—এমন অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করেছেন। বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা এবং তার ভিত্তি মজবুত করা।”
চিকিৎসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে থাকা প্রস্তাব বাস্তবায়নে চিকিৎসক সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, “সরকার একা এসব রূপায়ণ করতে পারবে না, দলের সংসদ সদস্য বা নেতারা পারবেন না। আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। ড্যাবের প্রতিটি সদস্য ও কাউন্সিলরের সক্রিয় ভূমিকা ছাড়া এগুলো সম্ভব নয়।”
তারেক রহমান উল্লেখ করেন, গত ১৫ বছরে হাজারো মানুষ খুন, আহত ও নিখোঁজ হয়েছে। মানুষের প্রত্যাশা একটি স্বস্তিদায়ক বাংলাদেশ। তিনি বলেন, “যদি সবাই মিলে ঐ প্রত্যাশা পূরণে কাজ করি, তাহলে নিশ্চয়ই একটি ভিন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশটি সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। এছাড়া বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।






















