হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

- প্রকাশের সময় : ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 299

রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আউলিয়া গ্রামের হাসেম আলী সরদারের ছেলে মো. শাজাহান। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে অনুপস্থিত ছিল। নিহত বাবু খান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মশুরা ভোগেশ^র বাজার এলাকার সেকেন্দার খানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ ফেব্রæয়ারি সকালে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামের একটি রসুন ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পাংশা থানার পুলিশ। তার শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল। এ ঘটনায় পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মরদেহটি শরীয়তপুর জেলার বাবু খান নামে এক যুবকের। ডলার ব্যবসার বিরোধের জের ধরে তাকে খুন করা হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত খোরশেদ সরদার ও মো. শাজাহানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, এই হত্যাকান্ডটি প্রথমে অজ্ঞাতনামা ছিল। কিন্তু পুলিশ দক্ষতার সঙ্গে তদন্ত করে মূল রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ে তিনি সন্তুষ্ট।























