চুরির অভিযোগে শিশুর গলায় জুতারমালা!

- প্রকাশের সময় : ০৯:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 98
চুরির অভিযোগে আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর গলায় জুতার মালা পরানো হয়েছে। গত বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা শহরের অনুপ দত্ত মার্কেটে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা সমালোচনা হয়। শিশুটির বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায় বলে জানা গেছে। অনুপ দত্ত মার্কেটে শাজাহান আলীর মালিকানাধীন পিকে সুজ দোকান থেকে জুতা চুরির অভিযোগে তাকে এ দন্ড দেওয়া হয়। আইনজীবীরা বলছেন, এধরনের কাজ কিছুতেই মেনে নেওয়া যায়না। এটা গর্হিত অপরাধ।
পিকে সুজ এর মালিক শাজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম জানান, ওই ছেলেটি ‘পাকা চোর’। এক মাস আগেও একবার চুরি করেছিল। তখন থেকে ওকে ধরার জন্য ব্যবসায়ীরা ওঁৎ পেতে থাকে। গত বৃহস্পতিবার ছেলেটি আবার চুরি করতে এলে তাকে ধরা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন মিলে তাকে জুতার মালা পরিয়ে দেয়। বয়সে ছোট হওয়ায় কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা জানান, গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই সময় পাশের এক ব্যবসায়ী ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়। বিষয়টি আজই (রোববার) তিনি জানতে পেরে পাংশা থানার ওসি এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে ব্যবস্থা নিতে বলেছেন।
পাংশা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারাম সরদার বলেন, ইউএনও সাহেব তাকে বলার পর বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কয়েকজন ব্যবসায়ীর সাথেও কথা বলেছেন। অতি উৎসাহী কিছু মানুষ এই কাজটি করেছে। তিনি এখন শহরের বাইরে রয়েছেন। ফিরে গিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে বসে কথা বলবেন।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা বৃহস্পতিবারের ঘটনা। তখন কেউ কিছু জানায়নি। আজ (রোববার) জানাচ্ছে। জেনে তিনি পুলিশ পাঠিয়েছিলেন। স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। যেকারণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। একজন শিশু যদি কোনো অপরাধ করে তাহলে বড়জোর তাকে আইনের হাতে তুলে দেওয়া যেতে পারে। কোনোমতেই জুতার মালা পরানো যায়না। এটা ফৌজদারী অপরাাধের মধ্যে পড়ে।

























