শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার: নতুনবাজার মোড়ে যান চলাচল স্বাভাবিক
- প্রকাশের সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 78
ঢাকার নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে চলা অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল- উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত ৮টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরা আবারও কঠোর কর্মসূচিতে যাব।’
তিনি আরও জানান, রোববার (২২ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নতুনবাজার মোড়ে শুরু হবে আমরণ অনশন। একইসঙ্গে পালিত হবে ‘বাংলা ব্লকেড’, যেখানে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামবেন।
এর আগে সকাল সাড়ে ৮ টা থেকে নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ।
সড়ক অবরোধের কারণে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বেলা ১১টার দিকে ভাটারা থানা পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দাবি করেন, এ সময় তাদের বেশ কয়েকজন আহত হন। যদিও পুলিশের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি।























