কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১

- প্রকাশের সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 144

১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম(৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে। ভুক্তভোগী কিশোরী রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
র্যাব-১০ ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৮ এপ্রিল তারিখে শফিকুল ওই কিশোরীকে অপহরণ করে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে রাজবাড়ী সদর থানার পুলিশ অভিযান চালিয়ে গত ১ মে তারিখে ওই কিশোরীকে পটুয়াখালী থেকে উদ্ধার করে। পরে কিশোরীর মা বাদী হয়ে ৩ মে তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১০ বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি শফিকুলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ওই কিশোরী উদ্ধার হওয়ার পর রাজবাড়ী সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা করা হয়। আসামি শফিকুলকে মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
























