৪৩ বছর পর এশিয়া কাপে নেই বাংলাদেশ
- প্রকাশের সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / 148
চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি দল ৪৩ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে খেলতে পারছে না। এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ কাপ) সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে যায় লাল-সবুজের দল। ফলে ২০২৫ সালের এশিয়া কাপে জায়গা হয়নি বাংলাদেশের।
শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওমান জয়ী হয়ে ফাইনালে পৌঁছানোর পাশাপাশি নিশ্চিত করে এশিয়া কাপের টিকিট। অন্যদিকে, সেমিফাইনালে হেরে ইতিহাসে প্রথমবারের মতো হকির এশিয়া কাপে অনুপস্থিত থাকছে বাংলাদেশ।
প্রসঙ্গত, ১৯৮২ সাল থেকে শুরু হওয়া হকির এশিয়া কাপে বাংলাদেশ এর আগে প্রতিটি আসরেই অংশ নিয়েছে। ১৯৮৫ ও ২০১৭ সালে স্বাগতিক হিসেবেও আয়োজন করেছিল এই প্রতিযোগিতা। এশিয়া কাপের বাছাইপর্ব হিসেবে পরিচিত এএইচএফ কাপ থেকে দুই ফাইনালিস্ট পায় মূলপর্বে খেলার সুযোগ। টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে এই পথেই মূলপর্বে খেলেছিল বাংলাদেশ।
সেমিফাইনালে ওমান ও বাংলাদেশের মুখোমুখি হওয়া মানেই এক দলের বিদায়। আগের কয়েকটি আসরে ওমানকে হারিয়ে এগিয়ে থাকলেও এবার ব্যতিক্রম ঘটল।
ম্যাচের শুরু থেকেই জমজমাট লড়াই হয়। অষ্টম মিনিটে ওমান এগিয়ে গেলে পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ গোল করে সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশ লিড নেয়, কিন্তু ওমান দ্রুত দুইটি গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।
তৃতীয় কোয়ার্টারে ওমান আরও একটি গোল করলে ব্যবধান হয় ৪-২। এরপর ওবায়দুল জয়ের গোলে ব্যবধান কমালেও শেষ দিকে আবারও গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান। শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে সবুজের দ্বিতীয় গোলেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।
শেষ ৬ মিনিটে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে দীর্ঘ সময় ধরে এএইচএফ কাপে রাজত্ব করলেও এবার সেমিফাইনালেই থেমে যেতে হলো বাংলাদেশের যাত্রা।
এশিয়া কাপের মূলপর্বে এবার সরাসরি খেলবে র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ছয় দল—চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া। বাকি দুটি জায়গা পেয়েছে এএইচএফ কাপের ফাইনালিস্ট ওমান ও চাইনিজ তাইপে। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য আসরে দেখা যাবে না বাংলাদেশের নাম।
এদিকে, বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।






















