১৫ লাখ টাকার ক্ষতি
পাহারাদারকে বেঁধে পুকুরে বিষ, ভেসে উঠল আড়াইশ মণ মাছ

- প্রকাশের সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 262

পাহারাদারকে হাত-পা বেঁধে পুকুরে বিষ দিয়ে আড়াইশ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার ররামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী কাজী আরাফাত হাসান জিসান। তার বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায়।
ক্ষতিগ্রস্ত খামারী কাজী আরাফাত জানান, তার পুকুরে নৌসি, কাতলা, গ্রাস কার্প, বাটা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এসব মাছের ওজন প্রতিটি দেড় কেজি থেকে চার কেজি পর্যন্ত। মোতাহার নামে এক ব্যক্তি পুকুরটি দেখাশোনা করতেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কয়েক দুর্বৃত্ত সেখানে গিয়ে মোতাহারকে চলে যেতে বলে। তিনি যেতে না চাইলে তাকে বেদম মারধর করে। পরে তার হাত-পা বেঁধে সেখানে ফেলে রাখা হয়। এরপর পুকুরে বিষ প্রয়োগ করে নির্বিঘেœ চলে যায়। যাওয়ার সময় বিষ প্রয়োগের কথা কাউকে না বলতে মোতাহারকে হুমকি দিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে তিনি নামাজ পড়ে পুকুরের কাছে গিয়ে মোতাহারকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পান। এসময় পুকুরে বিভিন্ন প্রজাতির প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখেন। আস্তে আস্তে পুকুরের সব মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে। এতে তার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অসুস্থ মোতাহারকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কয়েক ব্যক্তির সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। এবিষয়ে তিনি রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করবেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, বিষয়টি তিনি শুনেছেন। সেখানে তাদের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুকুরের মাছ ও পানি পরীক্ষার জন্য মহাখালী পাঠানো হবে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























