স্ত্রীকে গলা কেটে হত্যা করে ৯৯৯ নম্বরে পুলিশকে জানাল স্বামী
- প্রকাশের সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 115
গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন স্বামী। শনিবার রাতে সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় তাদের ভাড়া বাসায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
গৃহবধূ শিমু ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে। তিনি স্বামী মাইনুদ্দিন সিকদারের (৩৫) সঙ্গে বিকেবাড়ি শিকদার মার্কেট এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘাতক মাইনুদ্দিন সিকদার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং তাকে আটক করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইনুদ্দিন ও শিমুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন মাইনুদ্দিন।
শনিবার রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাইনুদ্দিন স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। তাদের উভয়ের ছিল দ্বিতীয় বিয়ে। শিমুর আগের সংসারের একটি ছেলে রয়েছে।
রবিবার আদালতে পাঠানো হলে স্ত্রীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর মাইনুদ্দিনকে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


























