হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
- প্রকাশের সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 139
রাজবাড়ীতে কুদ্দুস আলী মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক রেজাউল সেখ ওরফে রিয়াজুল সেখ ওরফে তোজামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত তোজাম পাংশা উপজেলার সাতবাড়িয়া গ্রামের সামাদ আলী শেখের ছেলে। নিহত কুদ্দুস একই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৯ জানুয়ারি তারিখে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামে কুদ্দুস আলী মন্ডলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছেলের স্ত্রীর পরকীয়া প্রেমিক রেজাউল সেখ ওরফে তোজামকে দায়ী করেন। পুলিশ মামলাটি তদন্ত করে রেজাউল সেখ ওরফে তোজাম, নিহত কুদ্দুস আলী মন্ডলের স্ত্রী বন্যা খাতুন এবং তোজামের চাচাতো ভাই আলাউদ্দিন সেখের বিরুদ্ধে চার্জশীট দেন। আদালতের বিচারক মামলার কাগজপত্র পর্যালোচনা, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে তোজামকে যযাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেন। অপর দুই আসামির বিরুদ্ধে হত্যার প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
রাজবাড়ী আদালতের পিপি অ্যড. আব্দুর রাজ্জাক বলেন, আসামি তোজামের সাথে কুদ্দুসের স্ত্রী বন্যার পরকীয়া প্রেম চলছিল। একারণে তোজাম ও কুদ্দুসের সাথে দ্ব›দ্ব চলছিল। এ দ্ব›েদ্বর জের ধরেই কুদ্দুসকে হত্যা করা হয়। আদালত যে রায় দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।


























