রাজবাড়ীতে ট্রাকচাপায় বেদে সম্প্রদায়ের শিশু নিহত

- প্রকাশের সময় : ০৯:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 167

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাকচাপায় তাফসিরুল সরদার (১২) নামে বেদে সম্প্রদায়ের এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম সাদ্দাম সরদার। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় হলেও পরিবারসহ আলাদিপুর ইউনিয়নের যুব উন্নয়নের সামনে বাগানে বাস করে।
নিহতের চাচা সবুজ সরদার জানান, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। গত দেড় মাস ধরে তারা কয়েকটি পরিবার রাজবাড়ীতে এসে পলিথিনের টং ঘর বানিয়ে বসবাস করছেন। ঈদ উপলক্ষে তাফসিরুল একটি নতুন প্যান্ট কিনেছিল। প্যান্টটি ফিটিং করার জন্য আলাদিপুর বাজারে দরজির দোকানে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
আলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদনের কাজ চলমান রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।






















