অস্ত্র-গ্রেনেড রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 178
রাজবাড়ী বালিয়াকান্দি নারুয়া বাজারের মুদি ব্যবসায়ী শামসুল আলম বিশ্বাসকে বিরোধের জের ধরে বাড়ীর রান্না ঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবীতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুদি ব্যবসায়ী সামছুল আলমের বাবা সাদেক আলী বিশ্বাস, স্ত্রী জোৎস্না বেগম, মা সাহিদা বেগম, জাহাঙ্গীর বিশ্বাস, জান্নাতি বেগম, টিপু সুলতান, আলম শেখ, রানা বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে গত শনিবার ভোর রাতে অস্ত্র ও গ্রেনেড দিয়ে মুদি ব্যবসায়ী সামছুল আলম বিশ্বাসকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধে তার রান্না ঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে প্রশাসনকে খবর দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সামছুল আলমকে মুক্তি ও সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ৩শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় শামসুল আলমের স্ত্রী, সন্তান ও মা সড়কে আচঁল পেতে সুষ্ঠ বিচার ও নিঃশর্ত মুক্তির দাবী জানায়।

























