মধ্যরাতে উত্তাল ঢাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
- প্রকাশের সময় : ০৪:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 210
মাগুরায় শিশু ধর্ষণের বিচারসহ সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। তারা ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন। পরে অন্যান্য হলের ছাত্রীরা তাদের সাথে যোগ দেন।
এসময় বিভিন্ন হলের ছাত্ররাও মিছিলে যোগ দেন। তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুর বিচার চেয়েছেন।
ছাত্রীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা। তারা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়’সহ একাধিক স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন। তাদের চারপাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবস্থান করছেন। সবাই ধর্ষণের প্রতিবাদে নানা স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মিছিলের পর মধ্যরাতের কোনো প্রতিবাদ মিছিলে এত উল্লেখযোগ্যসংখক নারীদের উপস্থিতি দেখা যায়নি।
এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন। এছাড়াও বিশবিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন।
কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, প্রত্যেক ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।






















