অধিভুক্ত সাত কলেজের জন্য নতুন সমন্বিত কাঠামো
- প্রকাশের সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 167
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন সুপারিশ দিয়েছে। সুপারিশে বলা হয়েছে, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বর্তমান ব্যবস্থাই চালু থাকবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষা কার্যক্রম সমন্বিত কাঠামোর অধীনে চলবে।
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত সাত কলেজের কার্যক্রম সাময়িকভাবে এই কাঠামোর অধীন পরিচালিত হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পরিচালিত হবে। কাঠামোর পরিচালক হিসেবে কোনো এক কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন এবং সেই কলেজেই থাকবে কাঠামোর কার্যালয়।
এছাড়া, কাঠামোর অধীন সব আর্থিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ব্যাংক হিসাবে পরিচালিত হবে। এ কাঠামোর রূপটি কেমন হবে, সেটিরও প্রস্তাব করে দিয়েছে ইউজিসি। এতে বলা হয়েছে, এই কাঠামোয় ইউজিসির একজন সদস্যের নেতৃত্বে নজরদারি সংস্থা থাকবে। এই নজরদারি সংস্থায় পরিচালক হিসেবে থাকবেন এই সাত কলেজের মনোনীত যোগ্য ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ একজন অধ্যক্ষ। ইউজিসির একটি সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে ঢাকা কলেজের অধ্যক্ষ হতে পারেন এই পরিচালক।




















