ছাত্ররাজনীতির দ্বন্দ্বে রণক্ষেত্র কুয়েট
- প্রকাশের সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 183
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও আহত হওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রহলগুলো ঘুরে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাহিরেও ছড়িয়ে পড়ে।
এ সময় বহিরাগতরা ছাত্রদেরও একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে বেশ কয়েকজন আহত হয়।
রাহাতুল ইসলাম নামে কুয়েটের এক ছাত্র জানান, ছাত্রদলের অফিসিয়াল পোস্টে ছাত্ররাজনীতি পক্ষে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি বলেন, আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে মিছিল করছিলাম। এ সময় ছাত্রদলের একটি গ্রুপ আমাদের উপর হামলা করে। হামলার সময় স্থানীয় একটি গ্রুপ রামদা-হকিস্টিক নিয়ে তাদের সাথে একত্রিত হয়ে হামলা করলে আমাদের প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্র আহত হয়। তাদেরকে কুয়েট মেডিক্যালে ভর্তি করা হয়। বিক্ষুব্ধ কুয়েট ছাত্ররা ভিসির বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ দাবি করেন।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথবাহিনী কুয়েট প্রধান ফটকে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, ‘কুয়েটে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’



















