ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: উপাচার্য
- প্রকাশের সময় : ০৩:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 331
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, আমার অসম্ভব ইচ্ছা আছে, ফেব্রুয়ারির মধ্যে একটা পূর্নাঙ্গ রোডম্যাপ ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরবো। এছাড়া দ্রুতই নির্বাচন দেয়ার চেষ্টা চলছে। এক্ষেত্রে সকলকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান করছি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাবির সিনেট ভবনে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল,সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক,রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফেরাম আয়োজিত ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠনতন্ত্রের যে সামারি নিয়ে এসেছে, সেটা আমরা সবার সামনে তুলে ধরবো এবং সেটা পুনরায় পরিবর্তন করার জন্য সাজেশনের জন্য ছোট্ট একটা টাইমফ্রেম দেওয়া হবে। সেখানে শিক্ষার্থীরাও আবার তাদের সাজেশন দিবে। এরপর চূড়ান্ত গঠনতন্ত্র নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাতে চাই।
সংলাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অফ পার্টি আমিনুল এহসান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে ঐক্যমত জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার এএসএম জুনায়েদ মুফরাদ ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনীকসহ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংলাপটি সঞ্চালনা করেন রাবির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আযহারুল হক। এতে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অ্যান্ড নলেজ বিল্ডিং টিমের ডেপুটি ডিরেক্টর আরাফাত আলি সিদ্দিকি ও রাজশাহী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার। উদ্বোধনী বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিসিওপি আমিনুল এহসান।
প্যানেল ডিসকাশনে আলোচক হিসেবে ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবি ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর সচিব ড. শামিম আরা চৌধুরী, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আল মামুন এবং রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি শাখা ছাত্রশিবির, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন, সোচ্চার, স্টুডেন্ট নেটওয়ার্ক, সাংবাদিক সংগঠন ও ডিবেটিং সোসাইটিসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। আয়োজকরা জানান, আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশগ্রহণ করেননি রাবি শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ।
সংগঠনের প্রতিনিধিরা রাকসুর গঠনতন্ত্র সংস্কার ও সকলের ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে রাকসু নির্বাচনের তাগিদ দেন। তারা সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
























