রাবিতে খেলা নিয়ে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি
- প্রকাশের সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 145
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনাল চলাকালে ম্যানেজমেন্ট বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা।
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টায় গণিত বিভাগের শিক্ষার্থীরা জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁরা প্যারিস রোডে সমবেত হয়ে মানববন্ধন করেন। পরে হামলাকারীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—প্রশাসনের পক্ষ থেকে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করে আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার সঠিক তদন্ত করতে হবে। হামলায় জড়িত ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে ওই বিভাগকে সব ধরনের খেলাধুলা থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। আহত শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যয় বহন করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে গণিত বিভাগের আহত শিক্ষার্থী শহিদ আক্তার জানান, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল, এবং আমাদের গণিত বিভাগের শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে খেলাটি উপভোগ করছিল। শেষে আমরা জয়লাভ করার পর ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। তারা পিছন থেকে ইট-পাটকেল মেরে আমাদের উপরে আক্রমণ করে। এতে আমাদের বোনদের রক্ষার জন্য আমরা তাদের নিরাপত্তা প্রদান করি। এমন অবস্থায় তাদের ছোঁড়া ইট আমার চোখের নিচে এসে লাগে। তবে চশমা থাকার কারণে আমার চোখটি বেঁচে যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, ম্যানেজমেন্ট বিভাগের সন্ত্রাসী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে তারা এমন বর্বরোচিত হামলা না করতে পারে।
মানববন্ধনে গণিত বিভাগের আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘এটি পরিকল্পিত হামলা। যেখানে আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। অপর দিকে ম্যানেজমেন্ট বিভাগের কোনো শিক্ষার্থীই আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা প্রশাসনের কাছে প্রহসনমূলক কোনো তদন্ত কমিটি চাই না। তিন কার্যদিবসের মধ্যে এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
উল্লেখ, গতকালের ঘটনার পর আজকে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
























