এবার রাজবাড়ী থেকে ভারতে যায়নি ওরশের বিশেষ ট্রেন, আয়োজন স্থানীয় বড় মসজিদে

- প্রকাশের সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 221

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) এর বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাক এর ১২৪তম ওরস শরীফে অংশ নিতে রাজবাড়ী থেকে বিশেষ ট্রেনটি যায়নি এ বছর। তবে, রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফে ওরশ শরীফের আয়োজন করা হয়। যা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া সূত্র জানায়, প্রতি বছর ১৪ ফেব্রæয়ারি ভারতের মেদিনিপুরে ওরশ শরীফে অংশ নিতে রাজবাড়ী থেকে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায়। শত বছরেরও বেশি সময় ধরে এ পরম্পরা চলে আসছে। এ বছর ভিসা জটিলতায় বিশেষ ট্রেনটি যেতে পারেনি।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। কিন্তু এবছর সব প্রস্তুতি সম্পন্ন করার পরও ভিসা জটিলতায় ট্রেনটি যেতে পারেনি। প্রতিবছর ১৪ ফেব্রæয়ারি রাতে রাজবাড়ী থেকে দুই হাজারের বেশি ভক্ত রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যেতেন। গতবছর আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ওরস শরীফে যোগ দিতে রাজবাড়ী থেকে ওরশ স্পেশাল ট্রেনে ২৪টি বগি সংবলিত ট্রেনে দুই হাজার ২৫৬ জন যাত্রী ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যান। এই স্টেশাল ট্রেন ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশন এলাকায় ২০ থেকে ৩০ হাজার লোকের সমাগম ঘটতো। মেদিনিপুরের ওরশের সাথে মিল করে বড় মসজিদেও ওরশ হয়। যেটি এবারও হচ্ছে।
রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরিফের পেশ ইমাম হাফেজ শাহজাহান জানান, প্রতিবছরের মতো এবছরও বড় মসজিদ খানকা শরিফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সঙ্গে মিল রেখে ওরস শরিফের আয়োজন করা হয়েছে। এবার ভিসা না পাওয়ায় যে ভক্তবৃন্দ ও মুরিদানরা পশ্চিমবঙ্গে ওরশে যেতে পারেননি তারাও এখানকার ওরশে অংশ নিয়েছেন।























