পুলিশের মানবিকতা

- প্রকাশের সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / 290

জনতার আদালত অনলাইন ॥ মঙ্গলবার গভীর রাতে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। ওই সময় রাত্রিকালীন টহলে থাকা পুলিশ তাকে রাজবাড়ী সদর থানায় নিয়ে আসে। অসংলগ্ন কথাবার্তা বললেও ব্যক্তিটি তার নাম ঠিকানা ঠিকই বলতে পেরেছিল। যার সূত্র ধরে যোগাযোগ করা হয় তার পরিবারের সাথে। খবর পেয়ে ছুটে আসা পরিবারের লোকেরা জানান, গত ২৮ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১৪ দিন পর নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। তার নাম ইব্রাহীম খলিল। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাষ্টগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাঁচুরিয়া গ্রামে রাত্রিকালীন ডিউটি করার সময় কর্তব্যরত এসআই মনিরুজ্জামান মাতুব্বর মোবাইল ফোনে তাকে জানায়; এক ব্যক্তি এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তিনি ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসতে বলেন। থানায় আনার পর তার কাছে নাম ঠিকানা জানতে চাইলে সে জানায়; তার নাম ইব্রাহীম খলিল, বাড়ি মাদারীপুর। পরে পরিবারের লোকদের সাথে যোগাযোগ করলে ইব্রাহীম খলিলের দুলাভাই বাবুল চাখারী ও ছোট ভাই জসিম সরদার রাজবাড়ী থানায় এসে জানায়; গত ২৮ জুলাই থেকে নিখোঁজ সে। তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও পাননি। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। রাজবাড়ী সদর থানার পুলিশকে ধন্যবাদ জানান তারা।





















