দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই
- প্রকাশের সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / 375
গোয়ালন্দ প্রতিনিধি ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ সময় অন্তত আশি লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৃহস্প্রবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি দোকানে অগ্রিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে দুটো খাবার হোটেল, একটি ডেকোরেটরের দোকান, একটি লন্ড্রির দোকান, একটি চায়ের দোকান, একটি ব্যাটারীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান জানান, খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ও রাজবাড়ীর একটি ইউনিট মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে ।























