নওগাঁয় শব্দদূষণের দায়ে তিন মামলা, ৩ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 6
নওগাঁয় অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন পরিবহনের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসকের সরাসরি নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানকালে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






















